চবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১৯ সেপ্টেম্বর , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে একে একে প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনভর আরও সাতটি প্যানেল ঘোষণার মধ্য দিয়ে মোট প্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে।
বিশ্ববিদ্যালয়ের ৫৯ বছরের ইতিহাসে সপ্তমবারের মতো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। মনোনয়নপত্র জমার শেষ দিনে নির্বাচন কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় সংসদে ৪২৯ ও হল সংসদে ৩৫৬ জনসহ মোট ৯৩১ জন শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। আগামী রোববার হবে মনোনয়ন যাচাই-বাছাই, সোমবার খসড়া তালিকা প্রকাশ এবং মঙ্গলবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার দিনভর ঘোষিত সাতটির মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরের ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, মাহফুজুর রহমানের নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) ও ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’, ২০টি ক্লাবের সম্মিলিত ‘ক্লাব অ্যালায়েন্স’ এবং ১০ সংগঠনের ‘বৈচিত্র্যের ঐক্য’—এগুলো মূলত দিনভর সামনে আসে। এর আগে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ প্যানেল ‘দ্রোহ পর্ষদ’ এবং ছাত্র অধিকার সংগঠনের ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ ঘোষণা করা হয়েছিল।
শিক্ষার্থীরা মনে করছেন, চাকসুর শীর্ষ তিন পদে (সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি) মূল প্রতিদ্বন্দ্বিতা হবে চারটি প্যানেলের মধ্যে—ছাত্রদল, ছাত্রশিবিরের ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’, বাম সংগঠনগুলোর ‘দ্রোহ পর্ষদ’ এবং ১০ সংগঠনের ‘বৈচিত্র্যের ঐক্য’। এই চার প্যানেলের শীর্ষ প্রার্থীরা ক্যাম্পাসে পরিচিত মুখ, বিভিন্ন আন্দোলনে সক্রিয় থেকেছেন এবং ছাত্রলীগের হামলার শিকারও হয়েছেন। এসব প্যানেলের ভিপি-জিএস প্রার্থীরা হলেন—
ছাত্রদল : ভিপি পদে দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন, জিএস পদে ক্রীড়াবিজ্ঞান বিভাগের মো. শাফায়াত হোসেন।
ছাত্রশিবির (সম্প্রীতি শিক্ষার্থী জোট) : ভিপি পদে ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী ইব্রাহিম হোসেন, জিএস পদে স্নাতকোত্তর শিক্ষার্থী সাঈদ বিন হাবিব।
দ্রোহ পর্ষদ : ভিপি পদে নাট্যকলা বিভাগের ঋজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ইফাজ উদ্দিন।
বৈচিত্র্যের ঐক্য : ভিপি পদে বাংলা বিভাগের ধ্রুব বড়ুয়া, জিএস পদে বাংলা বিভাগের সুদর্শন চাকমা।
প্রার্থীরা বলছেন, তাঁরা ছাত্ররাজনীতির নতুন ধারা প্রতিষ্ঠা করতে চান—যেখানে থাকবে না চাঁদাবাজি, মাদক, হল আসন বাণিজ্য বা কোনো ধরনের অনৈতিকতা। শিক্ষার্থীরাও চান, নতুন নেতৃত্ব যেন তাদের আবাসন সংকট, নিম্নমানের খাবার ও পরিবহণ সমস্যার সমাধানে উদ্যোগী হন।