প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১১ জুলাই , ২০২৫
নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) উদ্যোক্তা উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে শুরু করেছে তাদের ফ্ল্যাগশিপ ইনকিউবেশন প্রোগ্রাম ‘এনএসইউ স্টার্টআপস নেক্সট (NSUSN)’–এর তৃতীয় কোহর্ট।
বুধবার (৯ জুলাই) ঢাকাস্থ ক্যাম্পাসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কোহর্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে নতুন উদ্যমে শুরু করা একঝাঁক স্বাস্থ্য প্রযুক্তি, ফিনটেক, এডটেক, লজিস্টিকস ও সামাজিক উদ্যোগভিত্তিক স্টার্টআপকে প্রোগ্রামে যুক্ত করা হয়।
এতে অংশ নেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভেঞ্চার ক্যাপিটাল নেতৃবৃন্দ, কর্পোরেট ইনোভেটর, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং শিক্ষাবিদরা।
উদ্বোধনী বক্তব্যে এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, “আমরা চাচ্ছি শিক্ষার্থীরা যেন চাকরি খোঁজার পরিবর্তে চাকরি সৃষ্টির দিকে ধাবিত হয়। এনএসইউ স্টার্টআপস নেক্সটের মতো কর্মসূচির মাধ্যমে আমরা উদ্ভাবনের অনুকূল পরিবেশ তৈরিতে সচেষ্ট।”
প্রোগ্রামটির পরিচালক (ভারপ্রাপ্ত) স্যামুয়েল মুরসালিন জানান, “আমাদের উদ্যোক্তারা অনেক সময় পিছিয়ে শুরু করেও তাদের সাহস, সৃজনশীলতা ও একাগ্রতায় সামনের কাতারে চলে আসে। আমরা এই চেতনারই চর্চা করি এনএসইউএসএনে।”
এই প্রোগ্রামের আওতায় এরই মধ্যে ২৫টিরও বেশি স্টার্টআপ পেয়েছে পরামর্শ, ব্যবসায়িক সহায়তা, বাজার সংযোগ ও বিনিয়োগ পাওয়ার সুযোগ।
উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের iDEA প্রকল্পের পরিচালক মুর্তজা জুলকার নাইন নোমান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মনজুর মোহাম্মদ শাহরিয়ার, স্টার্জন ক্যাপিটালের ওয়াইজ রহিম এবং অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার রাহাত আহমেদ।