কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ মার্চ , ২০২৫
মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলন ও মুক্তমঞ্চ থেকে প্রধান ফটক পর্যন্ত মৌন মিছিল করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী ৮ বছরের শিশু আছিয়া রমজান ও ঈদের ছুটিতে জেলা সদরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) আপন বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ এবং শারিরীক নির্যাতন চালায়।
কুবি শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “ধর্ষকদেরকে খুব দ্রুত শাস্তির আওতায় আনতে হবে যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে। পরবর্তীতে কোনো ধর্ষক যেনো কোনো নারীর দিকে ধর্ষণ করার দৃষ্টিতে তাঁকাতে না পারে।”
শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা বলেন, “আছিয়াসহ সারাদেশে শিশু ও নারীদেরকে যে ধর্ষকেরা ধর্ষণ করেছে, সেসকল ধর্ষকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।”
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, মাগুরায় নির্যাতিত শিশুটি ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির সকালেই তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়।