কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৪ এপ্রিল , ২০২৫
কিশোরগঞ্জের করিমগঞ্জে জনসচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় গুজাদিয়া ইউনিয়নের নতুন বাজার ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদল নেতা প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক।
শামীম আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম এবি, গণঅধিকার পরিষদের আমিনুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের (আলোর মিছিল, আদর্শ মানবিক সংঘ, আদর্শ যুব সংঘ) নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং সমাজের ছয়টি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের (মাদকসেবী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রশাসন, যুব সমাজ, এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃত্ব) ভূমিকা নিয়ে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়।
মাদকমুক্ত সমাজ গড়তে সমাবেশে বক্তারা অভিভাবকদের প্রতি কয়েকটি পরামর্শ ও প্রশাসনের প্রতি দাবি তুলে ধরেন। তা হলো- মাদকের সাথে জড়িতদের শুধু গ্রেপ্তার নয়, মাদকের মূল উৎস বন্ধ করতে হবে। পুনর্বাসনের ব্যবস্থাও থাকতে হবে। খেলাধুলা, শিক্ষা ও ধর্মীয় চর্চায় মনোনিবেশ করতে হবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
সন্তানদের মাদকের হাত থেকে দূরে রাখতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে প্রশাসনকে জানাতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, যেন যুবসমাজ সঠিক দিকনির্দেশনা পায়।
সমাবেশে সবার সর্বসম্মতিক্রমে একটি মাদকবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির প্রস্তাবনায় বলা হয়, প্রতি গ্রাম থেকে ২-৩ জন যুবক নিয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সমন্বয় করে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রদল নেতা প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে। এই উদ্যোগ শুধু গুজাদিয়ার জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।”