প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
জাতীয় নির্বাচন সামনে রেখে রোববার থেকে শুরু জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এ দিন সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিন দিনের সম্মেলন শেষ হবে বুধবার। এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও সমাপনী দিনের কার্য অধিবেশন হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
সম্মেলনের দ্বিতীয় দিন কার্য-অধিবেশনের বাইরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ডিসিরা সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে এবার রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি।
এবার সম্মেলনে ৩৫৩টি প্রস্তাব উঠছে। তবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় বহু প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, এবারের ডিসি সম্মেলন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব পায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয় ৩৫৩টি। বাদ দেওয়া হয়েছে ৮৯২টি।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম বলেন, এবার নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়ে একটা অধিবেশন রয়েছে। অধিবেশনে নির্বাচন কমিশনারদের সঙ্গে ডিসিদের খোলামেলা আলোচনা হবে।