প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৪ জুলাই , ২০২৫
২০২৩-২৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি কোর্সে ভর্তির সময়সীমা বাড়িয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সুবিধার্থে বিলম্ব ফি ছাড়া ও বিলম্ব ফিসহ দুটি ধাপে নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তির সময়সূচি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন। এরপর ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তি ফি জমা দিতে হবে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায়। তবে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কোনো ধরনের অর্থ জমা না দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিলম্ব ফি ছাড়া ভর্তি হলে ফি জমার সময় : ২৮ জুলাই থেকে ৩০ জুলাই
বিলম্ব ফিসহ ভর্তি হলে ফি জমার সময় : ৫ আগস্ট থেকে ৭ আগস্ট
রেজিস্ট্রেশন ও ক্লাস শুরু
ভর্তি কার্যক্রম শেষে শিক্ষার্থীদের ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং ১৮ আগস্ট থেকে ২১ আগস্ট এর মধ্যে চূড়ান্তভাবে তা সাবমিট করতে হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিয়মিত ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।
দলিলপত্র জমা
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের অনলাইন ব্যাংকিং রশিদ, ইএসআইএফ লিস্টসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় জমা দিতে হবে। জমাদানের মাধ্যম হিসেবে সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস গ্রহণযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।