জাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২১ আগস্ট , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনাপ্রধানের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনের দিনসহ তার আগে ও পরের দিন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। এর পাশাপাশি, আবাসিক হলে যারা শিক্ষার্থী নন বা মেয়াদোত্তীর্ণ, তাদের সরে যেতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, “একটি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা প্রমাণ করে যে ক্যাম্পাসে নিরাপত্তাজনিত সংকট রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপকে আমরা সমালোচনার মধ্যেও স্বাগত জানাই।”
৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ইতোমধ্যে ক্যাম্পাসে নির্বাচনী উত্তেজনা বাড়ছে। ১৮ ও ১৯ আগস্ট দুই দিনে মোট ৩২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে এবং বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।