আইইউবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ৯ ফেব্রুয়ারি , ২০২৫
বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাম্পাসে শনিবার সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১ হাজার ৯৬৯ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
সমাবর্তন বক্তা হিসেবে অংশ নেন বাংলাদেশে ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ‘গেস্ট অব অনার’ ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান।
কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য দুই স্নাতক শিক্ষার্থী—ফার্মেসি বিভাগের সামিয়া আক্তার ও ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস বিভাগের রাবিয়াহ বিনতে হোসাইন চ্যান্সেলরস গোল্ড মেডেল পান। অলরাউন্ডার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ও গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের নাজিফা রাইদাহ।
স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য নিশাত রামিসা ইসলাম, আতিকা হুমাইরা, আশরাফি আঞ্জুমান, উম্মুল ওয়ারা, শেখ মুস্তারীন মুস্তান মর্তুজা, নায়লা নুরেন এবং স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য তাসমিন তাবাসসুম, তাহসিন তাবাসসুম, আবদুল্লাহ আল মামুন, তাহেরা জোবাইদা মালিহা, মাইশা ইসলামকে পুরস্কৃত করা হয়।
একাডেমিক স্বীকৃতির পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সফল শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। সমাজসেবায় পুরস্কার লাভ করেন উম্মুল ওয়ারা, নাফিসা তাবাসুম ও নাজরানা খান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পান নাজরানা খান ও ফাহমিদা বিনতে আজাদ। স্পোর্টস অ্যাকটিভিটিস অ্যাওয়ার্ড দেওয়া হয় শারমিন ইসলাম, তাশফিয়া তাসনিম ও জান্নাতুল মাওয়াকে।