রাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২১ সেপ্টেম্বর , ২০২৫
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি নিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।
দিনভর আন্দোলনের পর এই ঘোষণা এলেও শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট নন। তাদের দাবি, উপাচার্য নির্বাহী ক্ষমতাবলে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করতে হবে। রাত দেড়টার পরও কয়েক হাজার শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে বিকেল তিনটার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীনের গাড়ি আটকান শিক্ষার্থীরা। পরবর্তীতে তিনি হেঁটে জুবেরী ভবনে আশ্রয় নিলে বিকেল সাড়ে চারটা থেকে তাঁকে অন্যান্য শিক্ষক-কর্মকর্তাসহ অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় সাত ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে তাঁরা মুক্তি পান।
এ ঘটনায় সহ-উপাচার্যকে ‘লাঞ্ছিত’ করার অভিযোগ তুলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রবিবার কর্মবিরতির ডাক দিয়েছে। সংগঠনের সভাপতি আবদুল আলিম জানান, সব শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে থাকবেন।
শিক্ষার্থীরা রাত সোয়া ১১টার দিকে জুবেরী ভবন থেকে সরে গিয়ে উপাচার্য সালেহ হাসান নকীবের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী—ছাত্রীদেরও অংশগ্রহণে—পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের ঘোষণা, “বিলুপ্তি না হওয়া পর্যন্ত আমরা ফিরব না।”
উপাচার্য সালেহ হাসান নকীব রাতে গণমাধ্যমকে বলেন, “আমরা এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছি। তবে শিক্ষকদের জিম্মি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”