প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৮ জানুয়ারী , ২০২৫
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী এবার কর্মসূচির অংশ হিসাবে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। সাড়ে বারোটায় এ ব্যানার টানান শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে ‘দ্বিচারিতা শুরু করেছে’ অভিযোগ করে মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমান উল্যাহ আলভী বলেন, “তারা (শিক্ষা মন্ত্রণালয়) একেক সময় একেক কথা বলছে। এর প্রতিবাদে আমরা সকাল থেকে বিক্ষোভ করি। এরপর কলেজের মূল ফটক ঢেকে দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেই। আমরা দ্রুত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানাচ্ছি।"
এই শিক্ষার্থীর ভাষ্য, "এভাবেই জিন্নাহ কলেজের সাইনবোর্ড খুলে লাগানো হয়েছিল তিতুমীর কলেজের নাম। এবার তিতুমীর কলেজ থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করা হল।"
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ১৯ নভেম্বর সকাল থেকে বেলা ১১টায় মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন। তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবি জানান।
আগের দিন ১৮ নভেম্বর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের' দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে 'ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত ১৯ নভেম্বর বিকালে এ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না তা যাচাইয়ে পরের সপ্তাহে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার ১৪ দিনের মাথায় এসে ওই কমিটি গঠন করা হয়েছিল।
এদিকে গত ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধিভুক্ত ওই কলেজগুলোর একটি সরকারি তিতুমীর কলেজ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন।
কমিটির সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান।
উপসচিব শাহীনুর ইসলাম বলেন, “উচ্চপর্যায়ের এ বিশেষজ্ঞ কমিটিআগামী চারমাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে।“
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি।
অন্য কলেজগুলো হল- ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধিভুক্তির ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে।