প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৮ এপ্রিল , ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টার পর উত্তরা তিন নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে তার বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে।
তুরিন আফরোজের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তার বিরুদ্ধে এই মামলা করেন।
ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, গত বছরের ৪ আগস্ট মো. জব্বার (২১) নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম পুলিশ।
'গত ২৭ মার্চ মামলাটি দায়ের হয়। এজাহারে অভিযোগ আনা হয়েছে, হত্যাচেষ্টায় তুরিন আফরোজের সম্পৃক্ততা ছিল,' বলেন মহিদুল।