ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২ জুলাই , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাঁচটি ছাত্রী হলের ৫৮৩ জন ছাত্রীর জন্য প্রথমবারের মতো চালু করা হয়েছে আপৎকালীন আর্থিক সহায়তা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন।
মঙ্গলবার (১ জুলাই) উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রতীকীভাবে ১০ ছাত্রীকে এই সহায়তার খাম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ছাত্রী প্রতিনিধি উমামা ফাতেমা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানেরা।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “ অনেক ছাত্রী প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। ঢাকায় তাদের আত্মীয়স্বজন থাকে না। শুরুতে টিউশনিও মেলে না। সব মিলিয়ে তাদের জন্য জীবন কঠিন। বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তারপরও শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করছি।”
“বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫১ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও ভবিষ্যতে এই সহায়তা সব শিক্ষার্থীর জন্য বিস্তৃত হোক, এটাই চাওয়া।” এ জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসতে আহ্বান জানান উপাচার্য।