বেরোবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৮ আগস্ট , ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একের পর এক পদত্যাগের ধারাবাহিকতায় এবার দায়িত্ব ছাড়লেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে প্রভোস্ট ড. কামরুজ্জামান রেজিস্ট্রার দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হলের সহকারী রেজিস্ট্রার মো. আলআমিন।
তবে রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, “আমি পদত্যাগপত্র পাইনি। অফিসে জমা দেওয়া হয়েছে কিনা জানি না। রোববার এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারব।”
এদিকে প্রভোস্টের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকেও আরও কয়েকজন শিক্ষক শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।