নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২০ মে , ২০২৫
নরসিংদীর শিবপুরে জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টায় চাঁদার জন্য বাজারে মাইকিং করা হয়েছে।
বিএনপি নেতা ও বাজার কমিটির সভাপতি জজ মিয়া তার লোক দিয়ে এই মাইকিং করান।
মাইকিংয়ে বলা হয়, ‘আগামীকাল (২১ মে, বুধবার) বাজারের সব দোকানদারদের কাছ থেকে এ বছরের ইজারার টাকা নেওয়া হবে। সবাইকে টাকা জোগাড় করে রাখার জন্য বাজার কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হইল।’ এ নিয়ে দোকানিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে জজ মিয়া জানান, ‘আমি নিয়মতান্ত্রিকভাবে বাজার ইজারা এনেছি। অস্থায়ী দোকানদারদের কাজ থেকে খাজনা নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। স্থায়ী দোকানদারদের কাজ থেকে টাকা নেওয়ার জন্য কোনো মাইকিং করা হয়নি।’
স্থায়ী দোকানি আসাদ মিয়া জানান, ৫ বছর ধরে তিনি এই বাজারে ব্যবসা করছেন। এ পর্যন্ত ইজারা বাবদ কোনো টাকা দিতে হয়নি। পাহারা বাবদ ৩শ করে টাকা দিয়েছেন। এবারই প্রথম সব দোকানির কাছ থেকে ইজারার টাকা নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।
আরও কয়েক ব্যবসায়ী জানান, জজ মিয়া তার লোকজন দিয়ে আগের চেয়ে কয়েকগুণ বাড়িয়ে অস্থায়ী দোকানিদের কাছ থেকে খাজনা নিচ্ছেন। কম দিতে চাইলেই তাদের সঙ্গে আচরণ খারাপ করা হয়। স্থায়ী দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য নিয়মিত তাগাদা দিয়ে আসছেন।
উপজেলা বিএনপির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার জানান, ‘জজ মিয়া বিএনপির কর্মী হলেও অন্যায় করতে পারবে না। বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন জানান, ইজারার জন্য মাইকিং করেছে বলে শুনেছি। যা সম্পূর্ণ অন্যায়। বাজারের স্থায়ী, অস্থায়ী দোকানদারদের কাছ থেকে মাইকিং করে ইজারার টাকা নেওয়া যাবেনা। এটা বেআইনি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।