প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ অক্টোবর , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনের জন্য প্রণীত গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে। এতে কেন্দ্রীয় সংসদে ২১টি পদ এবং প্রতিটি হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে।
প্রকাশিত খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ১৯টি পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন, বাকি দুটি পদ—সভাপতি ও কোষাধ্যক্ষ—পদাধিকার সূত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পালন করবেন। একইভাবে হল সংসদেও ৯টি পদে নির্বাচন হবে, আর সভাপতি হবেন হল প্রাধ্যক্ষ ও কোষাধ্যক্ষ হবেন আবাসিক শিক্ষক বা হাউজ টিউটরদের মধ্য থেকে একজন।
খসড়ায় বলা হয়েছে, প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। তবে দ্বিতীয়বার বা তার বেশি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত হিসেবে বিবেচিত হবেন না। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর, এবং ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া নিষিদ্ধ সংগঠনের সদস্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী বা অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রার্থী হওয়ার যোগ্য নন।
৫ সদস্যবিশিষ্ট কুকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের মতামতের জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। যে কেউ ইমেইলের মাধ্যমে মতামত পাঠাতে পারবেন। এরপর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন নিয়ে খসড়াটি ইউজিসিতে পাঠাবে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের মতামতের পরই এটি চূড়ান্ত হবে।”
তিনি জানান, কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার (সদস্য সচিব), ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।
শিক্ষার্থীদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্রের বিষয়ে মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে ইমেইল ঠিকানা—coucsu@cou.ac.bd।