ববি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৮ আগস্ট , ২০২৫
অবকাঠামোগত সংকট ও নিরাপদ পরিবহণ ব্যবস্থাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) ভবন দখলে নিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে ভবন দুটি দখল করে সেগুলোতে ‘একাডেমিক ভবন-৩’ লেখা ব্যানার টাঙিয়ে দেন তারা।
এর আগে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ববির মূল ফটকের সামনে বরিশাল–পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীরা জানান, প্রায় এক মাস ধরে অবকাঠামোগত সংকট নিরসন ও নিরাপদ পরিবহণ ব্যবস্থার দাবি জানিয়ে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা ভবন দুটি নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন থেকে এগুলো বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে ব্যবহার করা হবে।
ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে ২৫টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ৩৬টি। অনেক সময় খোলা মাঠে ক্লাস নিতে হয়। এ পরিস্থিতি চলতে থাকায় সেশনজটও বাড়ছে।”