প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩১ মে , ২০২৫
জাপানের কাছ থেকে ১০৬ কোটি ডলারের ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ। বর্তমান বাজারদরে যা প্রায় ১৩ হাজার কোটি টাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার (৩০ মে) এ চুক্তি হয়।
ঢাকার পক্ষে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও টোকিওর পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি চুক্তিপত্রে সই করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশকে জাপান বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও বৃত্তির জন্য ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেবে।
চুক্তি অনুযায়ী, অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেবে ৪১ কোটি ৮ লাখ ডলার ঋণ। আর জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে ঋণ আসবে ৬৪ কোটি ১০ লাখ ডলার। এ ছাড়া বৃত্তি সহায়তা হিসেবে ৪২ লাখ ডলার অনুদান হিসেবে দেবে জাপান সরকার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ঘোষণা দিয়েছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে এ বছরের শেষ নাগাদ দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) হবে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যাতে তার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারে এবং অন্তর্বর্তী সরকারের একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা সফল হয়, সে জন্য টোকিও সহায়তা দেবে।
জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেন, একটি গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টায় জাপান বাংলাদেশের পাশে থাকবে।