প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৬ জুলাই , ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’-কে কেন পুনরায় নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত (শিডিউলভুক্ত) করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) কাছে সে প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেন,
“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।”
ফেসবুক পোস্টের মন্তব্য ঘরেও ইসি সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
লিখেন, “আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর গত ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে।
পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’-কে পুনরায় নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।