প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ ফেব্রুয়ারি , ২০২৫
মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক পাচ্ছেন দেশি-বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠান।
জাতীয় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষাগবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হয়েছেন জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ দূতাবাস প্যারিস। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসাকে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হচ্ছে।
পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ করেছেন এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রেখেছেন।
অপরদিকে, মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ২১শে ফেব্রুয়ারিকে ইউনেসকোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় বাংলাদেশ দূতাবাস প্যারিসকে মনোনীত করা হয়েছে।