ইবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৪ আগস্ট , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ নামে একটি কমিটি গঠন করেছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন হয়।
সভায় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক রোকন, ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ ও তানভীর মন্ডল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ গালিব, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফতে ছাত্র মজলিশের সভাপতি সাদেক আহম্মদসহ শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা ইকসুতে নিয়মিত ছাত্র প্রতিনিধিত্ব, সাজিদ হত্যার বিচার, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারীদের শাস্তি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “ইকসু শিক্ষার্থীদের প্রাণের দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা করলে আমরা কঠোর আন্দোলনে যাবো। ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “ইকসু গঠনে কোনো বাধা নেই। দল-মত নির্বিশেষে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনও তাদের দাবির সঙ্গে থাকবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলন থেকে ইকসু গঠনের দাবি তোলা হয়। পরে সম্মেলনে হট্টগোল সৃষ্টি হলে তা স্থগিত হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে আবারও আলোচনা হয় এবং শনিবার তা থেকে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি ঘোষণা করা হয়।