ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাবি ক্যাম্পাসের ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অমর একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার।
তিনি বলেন, সারজিস আলম নিজেই প্রাইভেট কার চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে এসে পড়ে। তখন গাড়িটি সজোরে ব্রেক করলে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সারজিস আলম আহত হন। তার বাঁ চোখের পাশে কেটে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত সারজিস আলম ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, তার অবস্থা গুরুতর নয়।