প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২০ সেপ্টেম্বর , ২০২৫
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আসনভিত্তিক ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দুটিরই সুবিধা-অসুবিধা রয়েছে। তাই একটি কার্যকর নির্বাচনি কাঠামো গড়ে তুলতে দুটি পদ্ধতিই প্রযোজ্য হওয়া উচিত। তার প্রস্তাব অনুযায়ী, নিম্নকক্ষে নির্বাচন হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, “গণতান্ত্রিক পথে সরকার গঠনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। আরও বক্তব্য রাখেন সুজনের মেহেরপুর জেলা সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হক, সহকারী অধ্যাপক মহিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সুজন সম্পাদক এ এস এম সায়েম এবং সমন্বয়ক রফিকুল আলম। সভায় রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।