রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা আবাসিক হলের নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চার আবাসিক হলের নামফলক ভাঙচুর করে নতুন নাম দিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল, নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের পরিবর্তে ‘শহীদ আলী রায়হান হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তে ‘ফাতিমা আল-ফাহরিয়া হল’ নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন।
তবে আন্দোলনকারীরা সরে গেলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক কিছু শিক্ষার্থী ওই হলের নতুন নাম সম্বলিত পোস্টার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ পদর্শনের সময় ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’ প্রভৃতি স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ‘শেখ হাসিনা লাইভে এসে ছাত্র-জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। আমার ভাইদের রক্তের দাগ না শুকাতেই খুনি হাসিনা প্রকাশ্যে আসার সাহস দেখায় কীভাবে? আমরা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পদচিহ্ন ও রাবি থেকে তাদের শিকড় মুছে দিতে আমাদের আজকের আন্দোলন।’