ইবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৮ আগস্ট , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশ দেওয়া হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
অন্য সদস্যরা হলেন—ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অন্তর্ভুক্ত হয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “আমি বিষয়টি শুনেছি। তবে চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর বিধি-বিধান দেখে পরবর্তী কাজ শুরু করবো।”