কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ মার্চ , ২০২৫
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে স্বাধীনতা দিবসের র্যালি শুরু হয়, মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
শহীদ মিনারে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, আমরা এমন একটি দিবসে এখানে একত্রিত হয়েছি, যে দিবসটির কল্যাণে আমরা শুধুমাত্র একটি পতাকা বা একটি ভূখন্ড পাইনি, এটি আমাদের কথা বলার অধিকার, মতামত প্রকাশের অধিকার, কাজের অধিকার এনে দিয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ বা উপলব্দিটুকু এখনো পায়নি। ছাত্র জনতার ২৪ এর গণআন্দোলনকে ধারন করে দৃঢ় ঐক্য, একতা, সততা, আন্তরিকতা, দেশেপ্রেমের মাধ্যমে সুন্দর সাম্যের বাংলাদেশ উপহার দিতে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখবো।
প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম বলেন, “আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যারা শহিদ হয়েছেন এবং জুলাই ২৪ এ দ্বিতীয় বার স্বাধীনতার জন্য যারা শহিদ হয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। স্বাধীনতা শব্দটির অর্থ কি আগে সেটা আমাদের বুঝতে হবে। স্বাধীনতা মানে মৌলিক চাহিদার ৫টি জিনিস। জুলাই ২৪ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেটা আমরা সততা ও কাজের মাধ্যমে প্রমাণ করবো।”
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন বিভাগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।