ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৯ ফেব্রুয়ারি , ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইবির জিয়ামোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
মিছিলে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’; ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’; ‘নৌকা আর ধানের শীষ, দুই শাপের একই বিষ’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; 'লন্ডন না ঢাকা? ঢাকা ঢাকা'; ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না'-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, আমরা জুলাইয়ে যেই স্প্রিট ধারণ করেছিলাম। কুয়েটে হামলার মাধ্যমে তা নষ্ট হয়েছে। জুলাইয়ের পরে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তাদের পরিস্থিতি হবে নিষিদ্ধ ছাত্রলীগের মতো। বিপ্লবী ছাত্র জনতা তাদের রেহাই দিবে না। আমরা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করে ছাড়বো। কুয়েটে হামলাকারীদের বিচার ও ছাত্রত্ব বাতিল করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন, জুলাইয়ে আমরা ছাত্রলীগের সন্ত্রাসের কথা বলেছি। বর্তমানে ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কথা বলতে আমাদের আপত্তি নেই। কুয়েটে আমাদের ভাইদের উপর ন্যাক্কারজন হামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।