প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২১ জুলাই , ২০২৫
ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে; প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার কথা জানা গেলেও অনেক মানুষ আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে শরীর দগ্ধ হয়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার করতে দেখা যাচ্ছে।
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিনিউজকে জানান, “বিমানটি গেইটে আছড়ে পড়ে এবং কাছেই বিধ্বস্ত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ক্লাস চলছিল। একের পর এক আহতেদের বের করে নিয়ে আসা হচ্ছে।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমাদের দল একজনের লাশ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন চারজনকে আহত অবস্থায় নিয়ে গেছে।”