ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৪ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি এবং ভর্তি পরীক্ষার ফি-সংক্রান্ত নথিও নতুন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াসের কাছে এসব দায়িত্ব হস্তান্তর করেন।
এর মধ্য দিয়ে সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। এখন থেকে কলেজগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সাত কলেজের অধ্যক্ষরা।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাবি উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি বৈঠকে অধিভুক্তি বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।