প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২ ফেব্রুয়ারি , ২০২৫
বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রোববার মধ্যরাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাস ভবন যমুনার সামনে চলে গেছেন জুলাই আন্দোলনে আহতরা।
রোববার বিকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আহতদের মিছিল থামিয়ে দিয়েছিল পুলিশ। পরে মধ্য রাতে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে রমনা উদ্যানের পাশে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে যান।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ তাদের শান্ত করতে ঘটনা স্থলে উপস্থিত হন।
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তারা দিনভর রাজধানীর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন। সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন। সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে শাহবাগ এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা। সেখানে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন। তখন ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।