তানভীর ইবনে মোবারক, জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৩০ এপ্রিল , ২০২৫
৩২ বছরের অচলাবস্থা কাটিয়ে সচল হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ- জাকসু। আগামী ৩১ জুলাই নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) উপাচার্যের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, এই নির্বাচনে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে ৩১ জুলাই।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। পরের বছর এক সংঘর্ষের জেরে জাকসু এবং হল সংসদ বাতিল করা হয়েছিল।
শিক্ষার্থীদের দাবির মুখে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর, অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক খো: লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা রয়েছেন কমিশনের সদস্য হিসাবে।
আরও পড়ুন: জাকসুর তফসিল ঘোষণার দাবিতে বাগছাসের বিক্ষোভ
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে তফসিলে। আর খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখও ২১ মে।
এরপর ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ভোটের প্রার্থীদের ১ জুলাই মনোনয়নপত্র সংগ্রহ এবং ১-৭ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থী বা তার প্রতিনিধি মনোয়নপত্র জমা দিতে পারবেন।
মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশের জন্য ৯ জুলাই দিন ঠিক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে ১১ জুলাই এবং ১৩ জুলাই আপিলের শুনানির পর ওইদিন ঘোষণা করা হবে আপিলের রায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ঠিক করা হয়েছে ১৪ জুলাই। পরদিন ১৫ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: জাকসু প্রশ্নে দোলাচলে ‘ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো’
১৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় পাবেন প্রার্থী ও তাদের সমর্থকরা। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম সংবাদ সম্মেলনে বলেন, “একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতির চাহিদা অনুযায়ী দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে।”