সিকৃবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৯ এপ্রিল , ২০২৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘ম্যানার’ শেখানোর নামে ১৭ জন নবীন শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগ পাওয়া গেছে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ২০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শুক্রবার লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় আড়াই ঘণ্টা নবীন শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হন। তাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনার তারা সুষ্ঠু প্রতিকার চান।
র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের অন্তত ২০ জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়া ১৭ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি টং দোকানের পাশে যেতে বলেন। নবীন শিক্ষার্থীরা সেখানে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের র্যাগিং করেন।
নবীন শিক্ষার্থীদের মুঠোফোন জব্দ করে কিংবা সুইচ বন্ধ করে দিয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জ্যেষ্ঠদের সালাম দেওয়া নিয়ে অশ্লীল নানা কথাবার্তা বলেন। একপর্যায়ে তারা নবীন শিক্ষার্থীর কয়েকজনকে এক পায়ে দাঁড় করিয়েও রাখেন। একজন শিক্ষার্থীকে ব্যাঙের মতো লাফানোর নির্দেশও দেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার বলেন, র্যাগিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।