প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৩ জুন , ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শাপলা প্রতীকে তাদের দল নির্বাচনে অংশ নেবে।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে রোববার (২২ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছি। ২৫টি জেলা ও ১০৫টি উপজেলায় কমিটি হয়েছে এনসিপির। এছাড়াও প্রতিটি উপজেলায় ২০০ জন সমর্থকের যে ফর্ম পূরণ করতে হয় এবং প্রতিটা জেলা ও উপজেলায় অফিস নিতে হয় সেটার অফিসিয়াল চুক্তির কাগজ, গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছি।”
তিনি বলেন, “গঠনতন্ত্র আগের দিন আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে।”
শাপলা প্রতীকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের নির্বাচন কমিশনের আইনগুলো আমরা পর্যালোচনা করেছি। সে আলোকে আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি, জনগণের প্রতীক হিসেবে, গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে।”
নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, “আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি। নদীমাতৃক বাংলাদেশের সবার কাছে পরিচিত শাপলা। সাধারণের দল হিসেবে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আবেদন করেছি।”