ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১১ নভেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করেন।
প্রদর্শনীর অনুষ্ঠানে মৃৎশিল্প বিভাগের চেয়ারপার্সন চিন্ময়ী সিকদার পপি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং শিল্পাচার্য প্রকৌশলী ময়নুল আবেদিন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই প্রদর্শনী শিক্ষার্থীদের ভবিষ্যতে সৃজনশীলতায় আরও বড় অর্জনে সহায়তা করবে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিভা প্রকাশ করছে। এ ধরনের আয়োজনের সঙ্গে কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা জরুরি।”
এ বছর প্রদর্শনীতে ২০২২ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দের মোট ৩১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন। অনুষ্ঠানে বিশেষ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়—শিল্পী আবু সাঈদ তালুকদার, মরণ চাঁদ পাল, গোপেশ মালাকার, সামসুল ইসলাম নিজামী, কোইচি তাকিতা ও মীর মোস্তফা আলী স্মৃতি পুরস্কার। এছাড়া সিরামিক মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার ও নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কারও বিতরণ করা হয়।
জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।