জবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৫ নভেম্বর , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তফসিল অনুযায়ী, আগামী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৩ থেকে ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, এবং ১৭ ও ১৮ নভেম্বর দাখিল করা যাবে।
মনোনয়নপত্র ১৯ ও ২০ নভেম্বর বাছাই করা হবে; ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর ২৪ থেকে ২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলবে। এরপর ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার, এবং ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রচার অভিযান চালাতে পারবেন প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “আগামী ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে এবং পরদিন (২৩ ডিসেম্বর) ফলাফল ঘোষণা করা হবে।”