চবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে মোট ১৪১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৭১ জন এবং হল সংসদে ৭০ জন—যার মধ্যে ছাত্র হলে ২৫ জন ও ছাত্রী হলে ৪৫ জন মনোনয়ন নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার কয়েকজন নেতা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনো দলীয় প্যানেল ঘোষণা করা হয়নি। অন্যদিকে দ্বিতীয় দিনেও কোনো ছাত্রশিবির নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
এদিকে হল সংসদে প্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে নবাব ফয়েজুন্নেসা হল থেকে। ‘হৃদ্যতার বন্ধন’ নামের এ প্যানেলে সহ-সভাপতি পদে পারমিতা চাকমা, সাধারণ সম্পাদক পদে সিংঞোইউ মারমা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মে থুই চিৎ খেয়াং মনোনয়ন নিয়েছেন।
অন্যদিকে চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত ৩৪৮ জন শিক্ষার্থী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে এমফিলের শিক্ষার্থী ২২২ জন এবং পিএইচডির শিক্ষার্থী ১২৬ জন। তারা প্রার্থী হওয়ারও সুযোগ পাবেন।