প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৪ মে , ২০২৫
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও কোষাধ্যক্ষ মো. মামুন অর রশিদকে অব্যাহতি দিয়েছে সরকার।
একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘অন্তর্বর্তী’ উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
উপাচার্য শুচিতা শরমিনকে অব্যাহতি দেয়ার খবর পেয়ে অনশন ও মহাসড়ক ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।
উপাচার্য অপসারণের এক দফা দাবিতে এদিন বিকাল ৫টায় বরিশাল-পটুয়াখালী ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আগের দিন ‘শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারীদের সংহতি সমাবেশ ও অবস্থান’ কর্মসূচি থেকে দক্ষিণাঞ্চলের ‘মহাসড়ক ব্লকেড’করার ঘোষণা আসে।
দাবি আদায়ে সোমবার (১২ মে) রাত ১১টা থেকে অনশন কর্মসূচিও শুরু করেন একদল শিক্ষার্থী, যা মঙ্গলবার দাবি আদায় হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।
এর আগে গত ৬ মে উপাচার্যের বিরুদ্ধে ‘ফ্যাসিস্টের দোসরদের’ পুনর্বাসন করার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।
সেদিন তাদের অভিযোগ ছিল, ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে তারা উপাচার্যের কাছে ২২ দফা তুলে ধরেছিলেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি।