প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২০ এপ্রিল , ২০২৫
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তাকে এই পদে নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আওয়ামী লীগের সময়ে ২০১২ সাল থেকে চারটি গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের দায়িত্বে ছিলেন এই কূটনীতিক।
প্রজ্ঞাপনে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসাবে মোহাম্মদ সুফিউর রহমানকে নিয়োগ দিয়েছেন।
“রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা করতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হল। বিশেষ সহকারী পদে থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।”
১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া সুফিউর রহমান সর্বশেষ ২০২৪ সালের মে পর্যন্ত জেনেভায় জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুফিউর রহমান সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯১ সালের জানুয়ারিতে। ২০১২ সালে সরকার তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়।
তিনি সর্বশেষ ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনিভার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সুফিউর রহমান।
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত; ওই সময়টায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে।
তার আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান।
অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে ছিলেন তিনি।
ইতোমধ্যে সংবাদ মাধ্যমে খবর হয়েছে, জেনেভায় স্থায়ী মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশীয় মানবাধিকার কর্মীদের বক্তব্য নিয়ে নানা বিরূপ মন্তব্য করার পাশাপাশি তা ঠেকানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি।