শাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৪ আগস্ট , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উদ্যোগে সিলেট বিভাগের এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
আয়োজনটি করে শাবির আওতাধীন শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আমরা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজকে সিলেট অঞ্চলের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছি। ইতোমধ্যে ভবন নির্মাণ ও ল্যাবরেটরি সংস্কারের কাজ চলছে। স্কুলটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মডেলের আদলে গড়ে তোলা হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আজ যে কৃতিত্ব অর্জন করেছ, তা শুরু মাত্র। সামনে আরও অনেক ধাপ পার করতে হবে। মোবাইলের বাইরে গিয়ে গ্রুপ স্টাডি করতে হবে, লাইব্রেরিমুখী হতে হবে এবং নতুন কিছু নিয়ে ভাবতে শিখতে হবে।”
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কলেজের উপ-উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
আরও বক্তব্য দেন বিভিন্ন অনুষদের ডিন এবং কলেজের শিক্ষক-প্রশাসকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জারিন তাসনিম।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আ ফ ম মিফতাউল হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসর্গ করা হয় উৎসাহব্যঞ্জক বার্তা ও উপহার, যা তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও জীবনের অন্যান্য ধাপে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।