জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ মার্চ , ২০২৫
গাজায় ইসরায়েলীদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন চলছে। মোড়ল দেশগুলো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুসলিমদের উপর যে হত্যাকাণ্ড চলছে তা দেখেও মুসলিম দেশগুলো চুপ এটা আমাদের কষ্টের বিষয়।
মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসাইন বলেন, দীর্ঘ ৭০-৮০ বছর ধরে এই হত্যাযজ্ঞ চলছে। আমরা চাই ফিলিস্তিনের মানুষ এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি পাক। বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান, আপনারা ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়ান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন বলেন, আমরা বাংলাদেশে থেকে ফিলিস্তিনের জন্য আমরা বেশি কিছু করতে পারবো না। আমরা আজ এখানে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।