প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৪ নভেম্বর , ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবেই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা এবং পরে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।
মুহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। গত ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনে ধারাবাহিক তিনটি বিতর্কিত নির্বাচন হওয়ায় এসব ভোটার ভোট দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই সনদ’ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা তৈরি করেছে।
বৈঠকে ব্যারোনেস জেনি চ্যাপম্যান অন্তর্বর্তী সরকার হিসেবে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের মাধ্যমে যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ প্রসঙ্গে তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তাঁর সরকার বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে।
রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইউনূস বলেন, ক্যাম্পের তরুণরা ক্রমে হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছেন; তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
বৈঠকে বাংলাদেশ–যুক্তরাজ্যের বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগর গবেষণার জন্য যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কিনছে বাংলাদেশ। ব্যারোনেস চ্যাপম্যান দুই দেশের উড়োজাহাজ যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।