প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১ জুলাই , ২০২৫
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন করেছে ছাত্রদল।
সোমবার (৩০ জুন) রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই-বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে সংগঠনটি মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে।
মোমবাতি প্রজ্বালনের আগে রাত ১১টা থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে জড়ো হয় সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
রাত ১২টা বাজার সাথে সাথেই জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শুরু করা হয়। জাতীয় সংগীত শেষে জুলাইযোদ্ধাদের স্মরণে ২ মিনিট মোমবাতি জ্বালিয়ে রাখা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাবেক ছাত্রদল সভাপতি আসিফুজ্জামান রিপন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।