ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ মার্চ , ২০২৫
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করা আট বছরের শিশু আছিয়ার জন্য গায়েবানা জানাযা ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ গায়েবানা জানাযা ও প্রতিবাদ সমাবেশ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী হাসানুল বান্না, ছাত্র শিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় প্রতিবাদকারীরা দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী ৮ বছরের শিশু আছিয়া রমজান ও ঈদের ছুটিতে জেলা সদরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) আপন বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ এবং শারিরীক নির্যাতন চালায়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, মাগুরায় নির্যাতিত শিশুটি ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, “আজ আমরা বুক ভরা কষ্ট নিয়ে দাঁড়িয়েছি। আমাদের বোন আছিয়া এক নরপশুর নির্মম লোভের স্বীকার হয়ে ধর্ষিত হয়েছে। আমরা তার বিচারের দাবিতে একত্রিত হয়েছি।”
সমন্বয়ক এস এম সুইট বলেন, “আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে হাজির হওয়া। বিগত স্বৈরাচার সরকারের সময়ে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার কোনো বিচার করেনি। আমরা দেখেছি কিভাবে তনুকে হত্যা করা হয়েছে। বসুন্ধরার আনভীর কর্তৃক মুনিয়ার হত্যাও আমরা দেখেছি। আজ যদি আনভীরে বিচার হতো তাহলে আজকের এই ধর্ষণের ঘটনা দেখতে হতো না।”