ঢাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ৯ মার্চ , ২০২৫
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে বের হন, পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও বেরিয়ে আসেন। রাত ১টা নাগাদ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। দুই ঘণ্টা অবস্থান শেষে হলে ফিরে যান তারা।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আল্টিমেটাম দেন।
ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী বলেই মনে করছি আমরা। তার পদত্যাগের দাবিটি খুবই যৌক্তিক বলে মনে করি।