প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৬ মার্চ , ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না। তাদের প্রতিহত করবে এনসিপি।
বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “৭১ ও ২৪ আলাদা কিছু না। বরং ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ।”
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, পুরোনো সংবিধান এবং পুরোনো বন্দোবস্তহীন ব্যবস্থা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, চব্বিশের গণ-অভ্যুত্থান, একাত্তরের সংগ্রাম, সাতচল্লিশের আজাদির লড়াই—এই সবকিছুর মধ্য দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণ-অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। আমরা কেবল ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্য সেই সব সম্ভাবনাকে যেন নষ্ট করে না দিই।”
এনসিপি আহ্বায়ক আরও বলেছেন, “একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে একধরনের নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে । অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে “ এসব কিছুকেই জাতীয় নাগরিক পার্টি প্রতিহত করবে বলে তিনি ঘোষণা দেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হিসেবে আখতার হোসেনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।