প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৩ জুন , ২০২৫
পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেখা পাচ্ছেন না।
এ সফরে অন্তর্বর্তী সরকারপ্রধানের দেখা না পাওয়ায় টিউলিপ সিদ্দিক ‘হতাশা’ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি বলেছেন, “লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস দেখা করতে অস্বীকৃতি জানানোয় আমি হতাশ।”
যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার চার দিনের অবস্থানের সময় তার সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিক ৪ জুন চিঠি পাঠিয়েছিলেন। বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার আশায় তিনি তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।
এজন্য ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী।
ব্রিটিশ এমপি টিউলিপের চায়ের আমন্ত্রণে সাড়া দেননি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ফিন্যান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, টিউলিপ সিদ্দিককে তিনি সাক্ষাৎ দেবেন না।
তিনি বলেন, “এটা একটা আইনি বিষয়...একটা আইনি প্রক্রিয়া। এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার মত কোনো বিষয় নয়।”
প্রসঙ্গত, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু হয়।
এরমধ্যে তার ভাগ্নি ব্রিটিশ এমপি ও সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক রয়েছেন। তার মা শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়েছে।
দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন লেবার এমপি টিউলিপ সিদ্দিক।
স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ রয়েছে।