ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৫ জানুয়ারী , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৭টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করায় তিনি সংশ্লিষ্ট সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫শ’জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে মানবিক শাখায় ১ হাজার ৭০৭টি আসনের বিপরীতে ৫৫ হাজার ১৬৫জন, বিজ্ঞান শাখায় ৯৪৪টি আসনের বিপরীতে ৫৬ হাজার ৩৩০জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসনের বিপরীতে ১৪ হাজার ৫ জন আবেদন করেন।