ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর শাহিনুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করেছে এই শিক্ষকের সংশ্লিষ্ট বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রক্টরের উপর হামলার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে উপ-উপাচার্য কাছে স্বারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে তারা 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; দালালী আর করিশ না; পিঠের চামড়া থাকবে না, আমার শিক্ষক আহত কেন; প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীরা বাইরে কেন; প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের চামড়া; তুলে নিব আমরা, শিক্ষকদের অপমান; সইবে না রে ইবিয়ান, সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা'সহ বিভিন্ন শ্লোগান দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় আমাদের বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা কোনো হামলাকারীদের ক্যাম্পাসে দেখতে চাই না।
গত শনিবার রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এসময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকরা আহত হন।