কুবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলের চার আবাসিক ছাত্রীকে পরবর্তী আদেশ দেওয়া না পর্যন্ত হলের বাহিরে থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তারা হলেন—ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম, ফার্মেসী বিভাগের আতিফা লিয়া এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা। সবাই ১৩তম আবর্তের।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিক এক অফিস আদেশে ওই নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, হলের আবাসিক ছাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার প্রভোস্ট কমিটি ও প্রক্টরিয়াল বড়ির সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সুপারিশক্রমে হল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চার ছাত্রীকেহলের বাহিরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার উল্লেখিত চার ছাত্রী বিরুদ্ধে সুনীতি-শান্তি হলের কক্ষে মাদক গ্রহণের অভিযোগ করেন অন্যান্য ছাত্রীরা
অভিযুক্ত শিক্ষার্থীদের একজন আতিফা লিয়া। তিনি বলেন, 'এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগকারী শিক্ষার্থীর সঙ্গে মত ভিন্নতা থাকায় আমার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'প্রক্টর কমিটি একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আদৌ আমরা মাদকাসক্ত কী না, তার কোনো ডোপ টেস্টও করেনি কর্তৃপক্ষ।'