রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে রয়েছেন একজন পাইলট, একজন নারী শিক্ষক এবং ২৫ জন শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, দুর্ঘটনায় দগ্ধ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে ইনস্টিটিউটটিতে ভর্তি ৪২ জনের মধ্যে পাঁচজন আইসিইউতে আছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।