রাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৭ জানুয়ারী , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসব চলবে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডা. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তথ্য জানান সংগঠনটির সভাপতি মাসুদ রানা।
এই উৎসবে থাকবে ১৩টি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতাসহ অন্যান্য ইভেন্ট।
লিখিত বক্তব্যে মাসুদ রানা জানান, ফিয়েস্টার ইভেন্টের মধ্যে একক অংশগ্রহণে থাকবে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং এবং ফটোগ্রাফি কনটেস্ট। দলীয় অংশগ্রহণে থাকবে প্রোজেক্ট শো কম্পিটিশন, সায়েন্টেফিক ডিবেট, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা) এবং পোস্টার প্রেজেন্টেশন। এ ছাড়াও সবার জন্য উন্মুক্ত থাকবে পোস্টার প্রেজেন্টেশন।
ফিয়েস্টা শুরুর পরদিন শনিবার (১ ফেব্রুয়ারি) টিএসসিসিতে উদ্বোধনী করা হবে। উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মাইন উদ্দিন, রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরিসের ডিরেক্টর ড. মো. সেলিম খান এবং রাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি মাসুদ রানা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে থাকছে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, যমুনা টেলিভিশন, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক দিনকাল, রেডিও পার্টনার রেডিও পদ্মা, ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা, ফুড পার্টনার কাজলা ক্যান্টিন, ইয়ুথ অ্যাঙ্গেজমেন্ট পার্টনার পাবলিকিয়ান, আর ইউ ইনসাইডার’স।
সংবাদ সম্মেলনে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক তারিকুল হাসান, ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।